স্টাফ রিপোর্টার | ১০ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যামিলি কার্ড এ দেশের নারীদের জন্য শক্তি ও ক্ষমতার প্রতীক হিসেবে কাজ করবে। এই কার্ড নারীদের সামাজিক মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘ফ্যামিলি কার্ড এমন একটি পরিচয়পত্র, যার মাধ্যমে নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়াতে পারবেন। এই কার্ডের মাধ্যমে আপনাদের একটি শক্তি তৈরি হবে এবং পুরুষরাও আপনাদের গুরুত্ব দিতে শুরু করবে।’
তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ক্ষমতায় আসার মাত্র ২২ দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবার এই কার্ড পাবে।
কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে বলেও জানান তিনি। মির্জা ফখরুল বলেন, আগামী ১৬ তারিখ থেকে খাল খনন কার্যক্রম শুরু হবে, যাতে বর্ষাকালে জমে থাকা পানি সংরক্ষণ করে খরার সময় কৃষিকাজে ব্যবহার করা যায়।
তিনি আরও বলেন, প্রত্যেক কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, সেচ ও বীজ কিনতে পারবেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘অতীতে অনেক সময় টাকা ছাড়া বিভিন্ন সুবিধার কার্ড পাওয়া যেত না। কিন্তু এবার ফ্যামিলি কার্ড পেতে কোনো টাকা লাগেনি। হতাশ হওয়ার কিছু নেই, পর্যায়ক্রমে সবাই এই কার্ড পাবেন।’
তিনি আরও বলেন, নির্বাচনের আগে তিনি বলেছিলেন এটি তার শেষ নির্বাচন। জনগণ তাকে নির্বাচিত করেছেন এবং এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার চেষ্টা করবেন।
এ সময় অনুষ্ঠানে ঠাকুরগাঁও-2 আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এনডিসি, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সদর উপজেলার ইউএনও খায়রুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।





