স্টাফ রিপোর্টার, ১৫ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।
সরকারের এ উদ্যোগের আওতায় একযোগে দেশের ৫৪ জেলায় নদী, খাল ও বিভিন্ন জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রম শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জলাবদ্ধতা নিরসন, পানি সংরক্ষণ বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া নদী-নালা ও খালগুলো পুনরুদ্ধারের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক রাখার বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।





