পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

দেশের ১২ সিটি কর্পোরেশনের কর্মীদের প্রত্যেকে পাচ্ছেন ৫ হাজার টাকা

স্টাফ রিপোর্টার | ১৫ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করেছেন।

রোববার বিকেল সাড়ে ৩টায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রসহ বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে এ সংক্রান্ত চেক তুলে দেন তিনি।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি বলেন, দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন।

আতিকুর রহমান রুমন আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সহায়তা পরিচ্ছন্নতা কর্মীদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগর সেবায় নিয়োজিত সকল কর্মীর কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।