স্টাফ রিপোর্টার | ৩০ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
দেশব্যাপী নতুন পরিসরে আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’—শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে একটি বিশেষ উদ্যোগ।
আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানটি ১৯৭৬ সালে শুরু হয়েছিল। বাংলাদেশ টেলিভিশন-এর জনপ্রিয় এ অনুষ্ঠানটি একসময় বন্ধ থাকলেও বর্তমানে আবারও বিটিভিতে সম্প্রচার শুরু হয়েছে।
তিনি জানান, এবার ভিন্ন আঙ্গিকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হচ্ছে, যা আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া শুধু শখ বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশেও ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে খেলোয়াড়দের একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় বেতন কাঠামোর মধ্যে আনার কাজ শুরু হয়েছে, যাতে তারা অর্থনৈতিক অনিশ্চয়তা ছাড়াই খেলাধুলায় মনোনিবেশ করতে পারেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে অবদান রাখা খেলোয়াড়দের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনার আশা ব্যক্ত করা হয়।





