স্টাফ রিপোর্টার | ০৪ অক্টোবর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ, ভাঙন প্রতিরোধ এবং প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণে দুই দেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী।
আজ সচিবালয়ে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এ অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে পানিসম্পদমন্ত্রী দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। দেশটির সঙ্গে বাংলাদেশের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক রয়েছে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই ব-দ্বীপ হওয়ায় দেশ দুটির ভূপ্রকৃতিতে অনেক মিল রয়েছে। এ কারণে পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি জানান, বাংলাদেশে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ এবং নদীভাঙন প্রতিরোধে ডাচ সরকার কাজ করতে আগ্রহী।
এ সময় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস অতীতে যেভাবে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
বৈঠকে পানিসম্পদ সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন এবং অতিরিক্ত সচিব মহা. এনামুল হক উপস্থিত ছিলেন।





