স্টাফ রিপোর্টার | ১ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর গভর্নিং বোর্ড থেকে ইতোমধ্যে ৯৭টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্পায়ন ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এসব অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নরসিংদী সদর উপজেলার বাগহাটা, বালুসাইর, মহিষাশুর ও খাটরা মৌজায় প্রায় ৬৯০ দশমিক ২০ একর জমিতে একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এসব অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।





