স্টাফ রিপোর্টার | ১ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যঁ পেম-এর নেতৃত্বে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।
বৈঠকে দেশের সামগ্রিক উন্নয়নে বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে ইতোমধ্যে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই অগ্রগতির ধারা বজায় রাখতে বিশ্বব্যাংকের সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
এসময় বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যঁ পেম মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি সরকারের অগ্রাধিকারভুক্ত খাতগুলোতে সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।





