স্টাফ রিপোর্টার, ৩ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা), পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, পররাষ্ট্র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাপানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার নাকায়ামা রিইকো।
বৈঠকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা, প্রযুক্তিগত সহায়তা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া পরিচালনা ব্যবস্থায় জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে উভয় পক্ষ টার্মিনাল পরিচালনায় দীর্ঘমেয়াদি সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে যাত্রীসেবা উন্নয়ন, কার্গো ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং বিমানবন্দরের সামগ্রিক কার্যকারিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তৃতীয় টার্মিনাল চালু হলে দেশের বিমান চলাচল খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে এবং আন্তর্জাতিক যাত্রী পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।





