মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

জ্বালানি সংকট মোকাবিলায় তেলবাহী জাহাজকে অগ্রাধিকার; আরও একটি জাহাজে খালাস কার্যক্রম চলমান

স্টাফ রিপোর্টার | ৪ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দর-এর বহির্নোঙরে এসে পৌঁছেছে।

শনিবার সকালে বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাহাজটি শুক্রবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে অবস্থান নেয়।

জানা গেছে, জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস।

প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, জাহাজটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে প্রায় ৫ থেকে ৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে ছোট জাহাজে খালাস (লাইটারিং) করতে হবে। এ কাজ শেষ করতে অন্তত দুই দফা অপারেশন প্রয়োজন হবে।

তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে রোববার জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে।

এদিকে, এর আগের দিন শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ খালাস কার্যক্রম শুরু করেছে। জাহাজটি রোববার বন্দর ত্যাগ করবে। এই জাহাজটির স্থানীয় এজেন্টও প্রাইড শিপিং লাইনস।

বন্দর সচিব জানান, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো দশম ডিজেলবাহী জাহাজ। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইনে থাকা সরবরাহের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।