চীন সফরে বিএনপি প্রতিনিধি দল: সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্তের আশাবাদ

দ্বিপাক্ষিক বৈঠকে সহযোগিতা বাড়ানোর ওপর জোর, স্বাক্ষর হতে পারে সমঝোতা স্মারক

স্টাফ রিপোর্টার | ২১ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

চীনের রাজধানী বেইজিংয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতায় অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

মঙ্গলবার (২১ এপ্রিল) গ্রেট হল অব দ্য পিপলে গণচীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং-এর সঙ্গে এবং একই দিনে আইডিসিপিসি ভবনে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-এর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকগুলোতে বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

উভয় পক্ষই আশা প্রকাশ করেন, ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত এই সম্পর্ক বর্তমান নেতৃত্বের অধীনে নতুন উচ্চতায় পৌঁছাবে।

বাংলাদেশ-চীন সম্পর্কের “Comprehensive Strategic Cooperative Partnership” দুই দেশের গভীর আস্থা ও বহুমাত্রিক সহযোগিতার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।

পাশাপাশি দুই দেশের রাজনৈতিক দল—সিপিসি ও বিএনপি’র মধ্যে সম্পর্ক উন্নয়ন, নিয়মিত সংলাপ ও সফর বিনিময়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে কাজ করার বিষয়ে সম্মতি হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে “সবার আগে বাংলাদেশ” নীতির ভিত্তিতে বর্তমান সরকার বৈদেশিক নীতি পরিচালনা করছে।

তিনি এক-চীন নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, এ মানবিক সংকট সমাধানে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে চীনের গঠনমূলক ভূমিকার ওপর জোর দেন তিনি।

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প, চীনা ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়, প্রতিরক্ষা খাতে প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়, আধুনিক নগর ব্যবস্থাপনা, বর্জ্য ও পানি ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন এবং শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল স্থাপন, রোবোটিক সার্জারি, জনস্বাস্থ্য উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন এবং সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ সুবিধা বাড়ানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।

চীনের পক্ষ থেকে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও অংশীদার হিসেবে উল্লেখ করে পারস্পরিক সম্মান, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ সহযোগিতার দিকনির্দেশনা এবং আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

উভয় পক্ষই সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা অংশ নিয়েছেন।