থাইল্যান্ডকে হারিয়ে উড়ন্ত সূচনা, নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান বিচ কাবাডিতে ১৭ পয়েন্টের জয়ে গর্বিত দেশ



স্টাফ রিপোর্টার | ২৩ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ কাবাডির প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দুর্দান্ত জয়ের জন্য বাংলাদেশ নারী কাবাডি দলকে অভিনন্দন জানিয়েছেন মোঃ আমিনুল হক।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ১৭ পয়েন্টের এই জয় শুধু একটি ম্যাচের ফল নয়, বরং এটি খেলোয়াড়দের অদম্য সাহস, কঠোর পরিশ্রম ও লড়াকু মানসিকতার প্রতিচ্ছবি। তিনি আরও উল্লেখ করেন, বালুচরে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরার মাধ্যমে খেলোয়াড়রা গোটা জাতিকে গর্বিত করেছে।

প্রতিমন্ত্রী বলেন, দলের প্রতিটি রেইড ও ট্যাকল প্রমাণ করেছে যে বাংলাদেশের নারীরা ক্রীড়াঙ্গনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই জয় দেশের হাজারো তরুণীকে কাবাডির প্রতি আগ্রহী করবে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে।

তিনি আরও বলেন, দলের নিবেদন ও টিম স্পিরিট নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং কামনা করেন, এই জয়ের ধারা অব্যাহত রেখে এশিয়ার বুকে বাংলাদেশের অবস্থান আরও উজ্জ্বল হবে।