দুর্যোগ মোকাবিলায় চালু হলো ‘এমএফআই রিসোর্সড পুলড ফান্ড’

স্থানীয় এনজিও ও মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে মানবিক সহায়তা কার্যক্রমকে আরো টেকসই ও কার্যকর করার উদ্যোগ

স্টাফ রিপোর্টার | ১২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশে স্থানীয়ভাবে পরিচালিত মানবিক অর্থায়ন ও দুর্যোগ মোকাবিলা কার্যক্রমকে আরো কার্যকর, সমন্বিত ও টেকসই করতে চালু হয়েছে ‘এনজিও মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন (এমএফআই) রিসোর্সড পুলড ফান্ড’।

গতকাল রাজধানীর InterContinental Dhaka এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্ত্রী বলেন, দুর্যোগপ্রবণ বাংলাদেশে স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকর মানবিক সহায়তা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের বিকল্প নেই। নতুন এ তহবিল দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি এবং জরুরি সহায়তা কার্যক্রমকে আরো গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, স্থানীয় এনজিও ও মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা, সক্ষমতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে গড়ে ওঠা এ যৌথ তহবিল মানবিক সহায়তা ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, এনজিও প্রতিনিধি, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।