প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের নতুন সেল গঠন

বিদেশে থাকা বাংলাদেশিদের সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানে পাঁচ সদস্যের ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ চালু

স্টাফ রিপোর্টার | ২ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ সেল গঠন করা হয়েছে।

সেলের অন্যান্য সদস্যরা হলেন— কল্যাণ অধিশাখার যুগ্মসচিব, আইন শাখার উপসচিব, সেবা ও প্রটোকল শাখার উপসচিব এবং এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব। এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, নির্ধারিত ই-মেইল ঠিকানায় প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সেলটি। পাশাপাশি প্রাপ্ত আবেদন ও অভিযোগ এবং সেগুলোর বিষয়ে গৃহীত পদক্ষেপ দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী সেলটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

উপসচিব ড. আনিছুর রহমান স্বাক্ষরিত এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।