ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ, শিশুবান্ধব বাজেট ও নীতি নিয়ে আলোচনা

শিশু অধিকার সুরক্ষায় প্রাক-বাজেট ব্রিফিং ও গোলটেবিল বৈঠকের ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার | ২ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল পলিসি চিফ স্ট্যানলি গুয়াভুইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট বরাদ্দ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, সবার সন্তান থাকলেও তাদের সুরক্ষা বিষয়ে যথেষ্ট সচেতনতা এখনও গড়ে ওঠেনি। তিনি সংসদীয় ককাস গঠনের আগ থেকেই শিশুবান্ধব বাজেট ও নীতি প্রণয়নে ইউনিসেফের অবদানকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, যেসব সংসদ সদস্য শিশুবান্ধব নীতি প্রণয়নের বিষয়ে সংসদে বক্তব্য রাখেন, তাদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হলে এ বিষয়ে আরও ফলপ্রসূ আলোচনা সম্ভব হবে।

ইউনিসেফ প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, সংসদ সদস্যদের সঙ্গে অ্যাডভোকেসি কার্যক্রমের অংশ হিসেবে প্রাক-বাজেট ব্রিফিং এবং গোলটেবিল আলোচনা আয়োজনের প্রয়োজন রয়েছে। এর মাধ্যমে শিশুরা সরাসরি নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবে।

প্রতিনিধিদলের সদস্যরা আরও বলেন, শুধু বাজেটে বরাদ্দ বৃদ্ধি করাই যথেষ্ট নয়; বরং বরাদ্দের কার্যকর বাস্তবায়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকালে ইউনিসেফ প্রতিনিধিদলের সদস্য হিসেবে সোশ্যাল পলিসি অ্যান্ড ইকোনমিক স্পেশালিস্ট মো. আশিক ইকবাল, কমিউনিকেশন স্পেশালিস্ট ফারিয়া সেলিম, কমিউনিকেশন অফিসার কারিশমা আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।