তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার | ৬ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার রাতে তিন দিনের সফরে সিউল থেকে ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শন করেন। পরে রাতে ঢাকায় ফিরে আসেন। শনিবার বিকেলে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।