নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, সন্তোষজনক জবাব না পেলে কঠোর ব্যবস্থা

লাইসেন্স বাতিলের সতর্কবার্তা; সারাদেশে আধুনিক অ্যাম্বুলেন্স সেবা চালুর মহাপরিকল্পনার কথাও জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | ৬ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল-কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, শোকজের সন্তোষজনক জবাব না পেলে হাসপাতালটির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামীকাল রোববার বিকেলের মধ্যে আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশের জবাব দিতে হবে, কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। সন্তোষজনক উত্তর না পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি জানান, জনস্বার্থ এবং মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্নে সরকার কোনো ধরনের ছাড় দেবে না। হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক না হলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ইতোমধ্যে একটি ফৌজদারি মামলাও হয়েছে। তদন্তে যা বেরিয়ে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে সরকারের নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার তিন স্তরের অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা নিয়েছে।

মন্ত্রী জানান, গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী পর্যন্ত রোগী পরিবহনের জন্য পৃথক নকশার তিন ধরনের অ্যাম্বুলেন্স চালুর মহাপরিকল্পনা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কম খরচে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আধুনিক জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, দেশের ভৌগোলিক ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বিবেচনায় রেখে স্থানীয়ভাবে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স ডিজাইন ও উৎপাদন করা হবে। এসব অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সাপোর্টসহ আধুনিক জরুরি সেবার সব সুবিধা থাকবে। কারিগরি ও নকশাগত সহায়তায় যুক্ত থাকবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রাথমিকভাবে একটি উপজেলাকে মডেল হিসেবে ধরে প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলা শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি আয়োজন করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ মজুত রয়েছে বলেও তিনি জানান।