স্টাফ রিপোর্টার | ৭ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। রোববার সকাল ১১টা ২৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মমুখী শিক্ষা নেব, বিশ্বজুড়ে কাজ করব’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সারাদেশের ১২ হাজার কলেজ শিক্ষককে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এই প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। কর্মসূচির আওতায় নতুন পাঠ্যক্রম বাস্তবায়নের জন্য শিক্ষকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক ও গাছের চারা তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্ম ও জীবনের বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় ব্যাকগ্রাউন্ডে দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’ পরিবেশিত হয়।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বক্তব্য দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পাঠ্যক্রমে শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এসব বিষয়ে কার্যকর পাঠদান নিশ্চিত করতে ইতোমধ্যে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে। তাদের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের ১২ হাজার কলেজ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
সংশ্লিষ্টরা বলছেন, কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীদের দেশ-বিদেশের কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।





