স্টাফ রিপোর্টার | ৮ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। জাতীয় পর্যায়ের ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি’ এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের পথ সহজ করা এবং পরীক্ষা-পরবর্তী সময়ের অপচয় রোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, চলমান এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হচ্ছে এবং আগামী ২০ জুলাইয়ের মধ্যে সারাদেশে একযোগে ফল প্রকাশ করা হবে।
সময়নিষ্ঠ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সেশনজটের কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। নির্ধারিত সময়ে শিক্ষা সম্পন্ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি আরও বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৩ বছরের কোর্স ৩ বছরে এবং ৫ বছরের কোর্স ৫ বছরেই শেষ করতে হবে। শিক্ষা কার্যক্রমে অযৌক্তিক বিলম্ব বা ওয়েটিং সেশন বরদাশত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
আগামী শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষা প্রসঙ্গে মন্ত্রী জানান, ২০২৬ সালের জুনের মধ্যেই শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন হবে। সেশনজট দূর করার লক্ষ্যে আগামী ২০২৭ সালের ৭ জানুয়ারি এসএসসি পরীক্ষা শুরু এবং ৮ ফেব্রুয়ারি শেষ করার একটি খসড়া রুটিন প্রস্তুত করা হয়েছে। তবে এ বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মতামত পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।





