স্টাফ রিপোর্টার | ১১ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে তাঁর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ডাকটিকিট উন্মোচন করেন।
এ সময় প্রধানমন্ত্রী ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত একটি স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করেন। অনুষ্ঠান উপলক্ষে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
এদিকে ইতিহাসের সর্বোচ্চ ৪৮টি দল নিয়ে আজ শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর বিশ্বকাপের ২৩তম সংস্করণ। একই সঙ্গে তিনটি দেশের যৌথ আয়োজনে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার ঘটনাও এবারই প্রথম।





