স্টাফ রিপোর্টার | ১৪ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাষ্ট্রনায়কোচিত অবদান নিয়ে আরও বস্তুনিষ্ঠ ও উচ্চমানের গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন।
রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, ইতিহাসের প্রতি যে অবিচার ও কৃপণতা করা হয়েছে, তা দূর করতে শহীদ জিয়ার জীবন, চিন্তাধারা ও কর্ম নিয়ে ব্যাপক গবেষণা প্রয়োজন। তিনি বলেন, প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর লেখা বই ছাড়া শহীদ জিয়াকে নিয়ে তথ্যসমৃদ্ধ ও গবেষণালব্ধ কাজ খুব কমই দেখা যায়।
তিনি মনে করেন, নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের অবদান সঠিকভাবে তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে রাষ্ট্রীয় পর্যায়ে বড় ধরনের গবেষণা পরিচালনা করা যেতে পারে।
বিএনপি মহাসচিব বলেন, শহীদ জিয়ার সবচেয়ে বড় অবদান ছিল ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শনের মাধ্যমে দেশের মানুষের স্বতন্ত্র জাতীয় পরিচয় প্রতিষ্ঠা করা। পাশাপাশি তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বিভিন্ন রাজনৈতিক দলকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দেন।
তিনি বলেন, স্বাধীনতার পর ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠনে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কৃষি, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও বৈদেশিক সম্পর্ক উন্নয়নে তাঁর বিভিন্ন পদক্ষেপ দেশের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছিল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম এবং দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার।
বক্তারা শহীদ জিয়ার রাষ্ট্রদর্শন, সংবাদপত্রের স্বাধীনতা এবং দেশগঠনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।





