সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠা করবে সরকার: ববি হাজ্জাজ

গণিত, বিজ্ঞান ও প্রযুক্তিমুখী দক্ষতা গড়ে তুলতে নতুন উদ্যোগ; প্রাথমিক শিক্ষায় আসছে আধুনিক শিক্ষার পরিবেশ

স্টাফ রিপোর্টার | ১৮ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের গণিতভিত্তিক দক্ষতা, যৌক্তিক চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি করে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী প্রজন্ম গড়ে তুলতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার রাজধানীর সাতারকুলে অবস্থিত গ্লেনরিচ ইন্টারন্যাশনাল School পরিদর্শন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি শক্তিশালী করতে হবে।

তিনি জানান, আধুনিক, যুগোপযোগী ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার অংশ হিসেবে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে গণিত শেখার সুযোগ পাবে এবং তাদের বিশ্লেষণধর্মী চিন্তা ও সৃজনশীলতা বিকাশে সহায়তা করবে।

ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর শিক্ষা-ভিশন এবং বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেকে গড়ে তোলার সমান সুযোগ পাবে। ম্যাথ ল্যাব সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ ও বৈপ্লবিক পদক্ষেপ।”

প্রতিমন্ত্রী আরও বলেন, এই উদ্যোগ দেশের প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, আন্তর্জাতিক মানসম্পন্ন, দক্ষতাভিত্তিক এবং প্রযুক্তিবান্ধব করে তুলবে। একই সঙ্গে স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।