বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

এআই ও গ্রিন টেক্সটাইল প্রযুক্তির টেকসই ব্যবহার বাড়ানোর আহ্বান; প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে পাটের স্কুল ব্যাগ বিতরণের ঘোষণা


স্টাফ রিপোর্টার | ২০ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্ব টেক্সটাইল বাজারে বাংলাদেশের শীর্ষস্থান ধরে রাখতে এবং ভবিষ্যতে নেতৃত্ব অর্জন করতে হলে গবেষণা ও উদ্ভাবনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস-এ আয়োজিত ‘৪র্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী তৈরি পোশাক শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং গ্রিন টেক্সটাইল প্রযুক্তির টেকসই অভিযোজনের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক ও টেক্সটাইল খাত প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এ খাতে প্রায় ৬০ লাখ শ্রমিক নিয়োজিত, যাদের বড় অংশ নারী।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও কাঁচামালের ক্ষেত্রে এখনও অনেকাংশে নির্ভরশীল। চীন, ভিয়েতনাম, ভারত ও পাকিস্তানের মতো দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণার মাধ্যমে নতুন উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নের বিকল্প নেই।

মন্ত্রী আরও বলেন, “ডিজিটালাইজেশন বা এআই আমাদের কর্মসংস্থান কমাবে না। বরং পণ্যের গুণগত মান উন্নয়ন, সৃজনশীল ডিজাইন তৈরি এবং বৈশ্বিক বিপণনে নতুন সুযোগ সৃষ্টি করবে।”

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিবেশবান্ধব গ্রিন টেক্সটাইল ও পুনর্ব্যবহারযোগ্য (রিসাইক্লিং) প্রযুক্তির প্রসারে গুরুত্বারোপ করেন তিনি।

প্রাচীন ঢাকার বিখ্যাত মসলিন শিল্পের ঐতিহ্যের কথা স্মরণ করে ড. এহছানুল হক মিলন বলেন, আধুনিক বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে সেই গৌরবময় ইতিহাসকে নতুনভাবে ফিরিয়ে আনতে হবে।

পরিবেশ দূষণ কমাতে পলিথিন ব্যাগের পরিবর্তে বায়োডিগ্রেডেবল পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণ করা হবে।

বুটেক্সের উন্নয়ন ও অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ২০০৬ সালে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যাত্রা শুরু হওয়া প্রতিষ্ঠানটির গ্র্যাজুয়েটরা বর্তমানে শুধু চাকরিজীবী নন, বরং অনেকেই সফল উদ্যোক্তা ও শিল্পপতি হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি বলেন, টেক্সটাইল শিক্ষার্থীরা বিসিএস, পুলিশ প্রশাসন ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রেও সফলতার সঙ্গে কাজ করছেন। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে টেক্সটাইল শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক দাবির প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে শিক্ষা খাতের উন্নয়নে সরকার প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক সহায়তা প্রদান করবে।

প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মামুন আহমেদ।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টেক্সটাইল বিজ্ঞানী মাইকেল কোকেন। এছাড়া আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আহসান হাবিব, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুটেক্সের বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করেন।