স্টাফ রিপোর্টার | ২৪ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণ এবং তাদের অধিকার রক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে।
বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সীতাকুণ্ড শ্রাইন কমিটির প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে বিএনপিকে ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছে। কিন্তু ঐতিহাসিকভাবে বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় কাজ করেছে। সকল ধর্মের মানুষের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে দেশের উন্নয়নে তাদের সম্পৃক্ত করা হবে।
বৈঠকে সীতাকুণ্ড শ্রাইন কমিটির নেতৃবৃন্দ চন্দ্রনাথ ধাম-এ আগত ভক্তদের বিভিন্ন ভোগান্তি ও অবকাঠামোগত সমস্যার বিষয় তুলে ধরেন।
এ সময় মন্ত্রী চন্দ্রনাথ ধামের সিঁড়ি নির্মাণ, মন্দির সংস্কার এবং পার্শ্ববর্তী এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, মেজর জেনারেল (অব.) জীবন কানাই-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





