স্টাফ রিপোর্টার | ১ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে নিরাপত্তার প্রচলিত ধারণা বদলে গেছে। এখন কোনো প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা এবং দীর্ঘ সীমান্ত পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বুধবার রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘সময়ের স্পন্দনে, আকাঙ্ক্ষা পূরণে’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এএম সাজ্জাদ মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ শুধু সমরাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়; ডিজিটাল অবকাঠামো ও তথ্য নিরাপত্তাও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা দেখিয়েছে, ডিজিটাল কারসাজির মাধ্যমে কীভাবে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।
তিনি বলেন, আনসার বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে সময়োপযোগী ও আধুনিক চিন্তার মাধ্যমে দেশের উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারের তথ্য ব্যবস্থাপনা পরিকল্পনায় আনসার বাহিনীর ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির পরিবর্তন অত্যন্ত গতিশীল। তাই নতুন বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে জ্ঞান, দক্ষতা ও চিন্তায় প্রতিনিয়ত নিজেকে হালনাগাদ রাখতে হবে। অন্যথায় আজকের আধুনিক মানুষও আগামীকাল পিছিয়ে পড়তে পারেন।
তিনি আরও বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ প্ল্যাটফর্মটি অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের জন্যও একটি অনুসরণযোগ্য মডেল হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





