ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে উদ্যোগ, ২-৩ মাসের মধ্যেই দৃশ্যমান হবে পরিবর্তন: বাণিজ্যমন্ত্রী

নতুন বিনিয়োগ আকর্ষণ ও রপ্তানি খাত সম্প্রসারণে সরকারের জোর; ২৭টি দেশে ৫০টি আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | ২১ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজ করতে সরকার কাজ করছে এবং আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই এর বাস্তব প্রতিফলন দেখা যাবে।

মঙ্গলবার বিকেলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১৪৯তম পরিচালনা পর্ষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতির বিকাশ, নতুন বিনিয়োগ সৃষ্টি এবং ব্যবসার সম্প্রসারণে বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে। শুধু ঘোষণা নয়, বিনিয়োগ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি বলেন, ব্যবসা শুরু করার প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করা হচ্ছে, যাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়।

রপ্তানি খাতের সম্ভাবনার কথা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চামড়া, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত পণ্য (এগ্রো প্রসেসিং) এবং লাইট ইঞ্জিনিয়ারিংসহ অগ্রাধিকারপ্রাপ্ত রপ্তানি খাতগুলোতে দ্বি-অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের সুযোগ রয়েছে। এসব খাত ভবিষ্যতে দেশের বড় রপ্তানি খাতে পরিণত হতে পারে।

তিনি নতুন উদ্যোক্তা ও স্টার্টআপদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে সংযোগ বাড়াতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণ উদ্যোক্তাদের আর্থিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে ইপিবি সক্রিয় ভূমিকা পালন করবে।

সভায় ২০২৬-২৭ অর্থবছরের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়। এ অনুযায়ী, ১২টি অগ্রাধিকার খাতকে গুরুত্ব দিয়ে বিশ্বের ২৭টি দেশে মোট ৫০টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া ৩১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৭ আয়োজনের জন্য স্টিয়ারিং কমিটি অনুমোদন করা হয়েছে। মেলার সম্ভাব্য সময় আগামী ১ জানুয়ারি ২০২৭ নির্ধারণ করা হয়েছে।

সভায় বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিসিএফইসি) ইজারা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্তও গৃহীত হয়।

এ সময় বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান, ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তারসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।