স্টাফ রিপোর্টার | ২২ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল।
তিনি জানান, সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এ সময় বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের সাফল্য, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্যদিকে, বিদায়ী নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধানের সম্মানে মধ্যাহ্নভোজে অংশ নেন।
উল্লেখ্য, ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।





