বাংলাদেশ ফার্স্ট’ নীতিই পররাষ্ট্র সম্পর্কের মূল ভিত্তি: পররাষ্ট্রমন্ত্রী

ম্যানিলায় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বার্তা

স্টাফ রিপোর্টার | ২২ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ নীতির কথা তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

বৈঠকগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ সংরক্ষণই ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির মূল ভিত্তি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে দুই দেশ বিদ্যমান সমন্বিত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও জোরদার এবং অভিন্ন ভবিষ্যতের চীন-বাংলাদেশ সম্প্রদায় গড়ে তোলার বিষয়ে একমত হয়। পাশাপাশি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের প্রত্যাবাসন, বহুমুখী পরিবহন করিডোর, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান। দুই দেশ বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা করে জ্বালানি খাতে অংশীদারত্ব আরও জোরদারে সম্মত হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় ড. খলিলুর রহমান মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মার্কো রুবিওও ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পৃথক এসব উচ্চপর্যায়ের বৈঠক ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি অনুসরণ করে জাতীয় স্বার্থ সমুন্নত রেখে প্রধান বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে বাংলাদেশের প্রচেষ্টার প্রতিফলন।

বর্তমানে ড. খলিলুর রহমান আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ৩৩তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৈত্রী ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।