অবহেলিত উত্তরাঞ্চলের উন্নয়নে নতুন পরিকল্পনা, বগুড়ায় পাঁচ জেলার উন্নয়ন সেমিনার

বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি, সুষম উন্নয়নে সরকারের অঙ্গীকার

Posted by:

on

স্টাফ রিপোর্টার
২৫ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

উত্তরাঞ্চলের পাঁচ জেলা বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার।

শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি।

তিনি বলেন, উত্তরাঞ্চল দীর্ঘদিন উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে। বর্তমান সরকার সুষম উন্নয়নের মাধ্যমে সেই বৈষম্য দূর করতে কাজ করছে। তিনি দাবি করেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার উত্তরাঞ্চলকে অবহেলা করেছে এবং বর্তমান সরকার ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি দেশজুড়ে সৌরবিদ্যুৎ সম্প্রসারণেও কাজ চলছে।

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, গত দুই দশকে উত্তরাঞ্চলের পাঁচ জেলা উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে ছিল। বর্তমান সরকার পরিকল্পিতভাবে এসব জেলার অবকাঠামো, যোগাযোগ, স্থানীয় সরকার ব্যবস্থা ও জনসেবার উন্নয়নে কাজ করছে। তিনি উত্তরাঞ্চলের উন্নয়নের বিষয়টি সরকারের কাছে আরও জোরালোভাবে তুলে ধরতে প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে পাঁচ জেলার সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গবেষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সেমিনারে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি জানান।

বক্তারা বলেন, উত্তরাঞ্চলের কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও মানবসম্পদের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। একই সঙ্গে আঞ্চলিক বৈষম্য দূর করে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

বগুড়া, উত্তরাঞ্চল উন্নয়ন, পাঁচ জেলার উন্নয়ন, ইকবাল হাসান মাহমুদ টুকু, মীর শাহে আলম, আব্দুল বারী, বগুড়া বিভাগ, সেমিনার, নিউজ চ্যানেল বিডি