স্টাফ রিপোর্টার | ২৫ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল সোয়া ১১টায় রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী এ সামিটের উদ্বোধন করেন তিনি। এর আগে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা হয়। উদ্বোধনী পর্বে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম বিষয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
‘বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সিলিকন রিভারের যৌথ উদ্যোগে এ সামিটের আয়োজন করা হয়েছে।
সামিটের মূল লক্ষ্য হলো বাংলাদেশের সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স শিল্পের বর্তমান অবস্থা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, দেশি-বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বিশ্ব দরবারে তুলে ধরা।
সামিটে সরকারের নীতিনির্ধারক, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষ নির্বাহী, গবেষক, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেন। তারা দেশের দীর্ঘমেয়াদি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক কৌশল প্রণয়নে মতামত ও সুপারিশ তুলে ধরেন।
এতে গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, স্যানডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপের প্রতিনিধিরাও অংশ নেন।
সামিটের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে বিইএআর ইনোভেশন এক্সপো-২০২৬। এতে ৩৫টি স্টলে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেম এবং অন্যান্য ডিপ-টেক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। প্রধানমন্ত্রী প্রদর্শনী স্টলগুলো ঘুরে দেখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ, আইসিটি বিভাগ ও বিজ্ঞান-প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এছাড়া বক্তব্য দেন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর সভাপতি এম এ জাব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং পারড্যু ইউনিভার্সিটির অধ্যাপক ও সিলিকন রিভার ইনিশিয়েটিভের চিফ আর্কিটেক্ট প্রফেসর মুহাম্মদ মোস্তফা হুসাইন।
আগামী ২৬ জুলাই সামিটের দ্বিতীয় ও সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ক্রিস্টে ফেলো রিসার্চ সিম্পোজিয়াম, যেখানে দেশের উদীয়মান সেমিকন্ডাক্টর গবেষকরা তাঁদের গবেষণাকর্ম উপস্থাপন করবেন।
এদিন সেমিকন্ডাক্টর সুপারিশমালা, ট্যালেন্ট রোডম্যাপ-২০৩০, ইকোসিস্টেম রোডম্যাপ, আন্তর্জাতিক অংশীদারিত্ব কাঠামো, ডিপ-টেক অগ্রাধিকার খাত এবং বাণিজ্যিকীকরণ কাঠামোসহ আটটি কৌশলগত জাতীয় দলিলও প্রকাশ করা হবে।
আয়োজকদের মতে, এসব দলিল বাংলাদেশের সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও বাস্তবায়ন কাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।





