নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতার সভাপতিত্বে বাগেরহাটে কুষ্ঠরোগবিষয়ক সেমিনার

আয়োজক সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি বিএনপি ও স্থানীয় সাংবাদিক নেতার

স্টাফ রিপোর্টার | ২৫ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতার সভাপতিত্বে কুষ্ঠরোগ নির্ণয় ও চিকিৎসাবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (২৫ জুলাই) শহরের ধানসিঁড়ি হোটেলের একটি কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএসের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আহাদ উদ্দিন হায়দার।

সিএসএসের প্রকল্প কর্মকর্তা খালেকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংস্থাটির পরিচর্যা স্বাস্থ্য কর্মকর্তা সাজ্জাদুর রহিম উপস্থিত ছিলেন। সেমিনারে কুষ্ঠরোগের লক্ষণ, কারণ, সংক্রমণের ধরন, প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসাব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, “এই সময়ে এসেও নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের একজন নেতার সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়েছে, এটি উদ্বেগজনক। সেমিনারের আড়ালে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো চেষ্টা হচ্ছে কি না, তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত।”

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু বলেন, “বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অতীতে বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্ত একটি রাজনৈতিক দলের নেতার সভাপতিত্বে এ ধরনের আয়োজনের পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত হওয়া প্রয়োজন। আমি এ ঘটনার নিন্দা জানাই এবং আয়োজক সংস্থার ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

তবে এ বিষয়ে সেমিনারের সভাপতি আহাদ উদ্দিন হায়দার কিংবা আয়োজক সংস্থা সিএসএসের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।