স্টাফ রিপোর্টার | ২৬ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের সাহসিকতা, প্রশংসনীয় ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নয়জন পুলিশ সদস্যকে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করেছেন।
রবিবার (২৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে দুটি পৃথক সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ ঘটনার জন্য মোট নয়জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং ঢাকা রেলওয়ে থানার যৌথ প্রচেষ্টায় মাত্র ৩০ মিনিটের মধ্যে এক প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করার ঘটনায় সাতজন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন—ঢাকা রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জয়নাল আবেদীন, এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ হুমায়ুন কবির ও মো. রাজিকুল ইসলাম, কনস্টেবল মো. শাহীনুর ইসলাম ও আজমীর হোসেন এবং পুলিশ টেলিকম সংস্থার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান ও কনস্টেবল মো. বুলবুল আহমেদ।
এছাড়া ট্রাফিক দায়িত্ব পালনকালে ছিনতাইকারী গ্রেফতারে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনের সার্জেন্ট এম এস মাহমুদ আলী এবং সার্জেন্ট মো. তুহিনুর রহমান তুহিনকে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে সাহসিকতা, পেশাদারিত্ব ও জনসেবায় নিবেদিত পুলিশ সদস্যদের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।





