স্টাফ রিপোর্টার | ২৬ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
রোববার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষিতে পড়াশোনা করলেই সবাইকে সরকারি চাকরিতে যেতে হবে—এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কৃষিভিত্তিক ব্যবসা, শিল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গড়ে তুলে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, কৃষিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা মাটির মানুষ এবং দেশপ্রেমিক। তাই শুধু চাকরির চিন্তা না করে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রস্তুতি নিতে হবে। দেশের কৃষি খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকারের সামনে বড় ধরনের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ রয়েছে। বিগত ১৫ বছরে দেশের অর্থনীতির ভিত্তি দুর্বল হয়ে পড়েছে এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সংকট কাটিয়ে দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামো পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে।
তিনি বলেন, দেশে প্রায় ৪ কোটি শিক্ষিত বেকার রয়েছে এবং একটি চাকরির জন্য ৫ থেকে ৬ লাখ আবেদন জমা পড়ে। এই সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। তাই দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি পরিকল্পিতভাবে অর্থনৈতিক কাঠামো উন্নয়নে সরকার কাজ করছে।
মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে কৃষি হাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে গ্যাস, তেল ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার গ্রিন এনার্জির দিকে এগিয়ে যাচ্ছে, যার সুফল কৃষকরাও পাবেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষি গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গঠনে নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শেকৃবির উপাচার্য ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।





