স্টাফ রিপোর্টার | ২৯ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের নিরন্তর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ১৭ বছরের রক্তঝরানো আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র-জনতার অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়। ২০২৪ সালের জুলাই মাসে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি দাবি করেন, এই আন্দোলনের মধ্য দিয়েই স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের পতন ঘটে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের মানুষ বাক্-স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, নাগরিক অধিকার এবং নিরাপদে চলাচলের নিশ্চয়তা প্রত্যাশা করেছিল। এসব অধিকারের জন্য দীর্ঘদিন ধরে বিএনপি আন্দোলন চালিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
রিজভীর ভাষ্য, জুলাই আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে ৫ আগস্ট। ওই দিন স্বৈরতন্ত্রের অবসান হয় এবং জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়কে রক্তঝরানো গণঅভ্যুত্থানের ধারাবাহিক সংগ্রামের সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি জানান, গত বছর বিএনপি জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। এবারও দলটির বিভিন্ন অঙ্গসংগঠন এবং সরকার নানা কর্মসূচি পালন করছে।
দলের পক্ষ থেকে কর্মসূচিগুলো আরও সুসংগঠিতভাবে পালনের লক্ষ্যে আগামী ৪ আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানান রিজভী। সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন এবং সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।





