চলমান প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করে সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিতের নির্দেশ তথ্যমন্ত্রীর

এডিপিভুক্ত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সময়মতো বাস্তবায়ন, জাতীয় অর্থের সঠিক ব্যবহার ও ডিজিটাল ড্যাশবোর্ড তৈরির ওপর গুরুত্ব


স্টাফ রিপোর্টার | ২৯ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন করার পাশাপাশি সেগুলোর সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অন্তর্ভুক্ত চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ও পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

তথ্যমন্ত্রী বলেন, “চলমান যে প্রকল্পগুলো রয়েছে, সেগুলোর সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা বের করাই আমাদের প্রধান লক্ষ্য।”

পরিকল্পনা মন্ত্রণালয়ের মূল্যায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বেশিরভাগ প্রকল্পে ঠিকাদার, প্রকৌশলী ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার একটি অনৈতিক চর্চা দেখা যায়। তিনি বলেন, জনগণকে অবমূল্যায়ন করার সুযোগ নেই, কারণ তারা সবকিছুই বোঝে।

প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের শতভাগ আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, চলমান প্রকল্পগুলোর সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় কম্পোনেন্ট যুক্ত করতে হবে এবং অবশিষ্ট কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে। জাতীয় অর্থের অপচয় রোধ করে প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।

সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রকল্পগুলোর অগ্রগতি রিয়েল-টাইমে পর্যবেক্ষণের জন্য একটি সমন্বিত ডিজিটাল ড্যাশবোর্ড তৈরির প্রস্তাব দেন। তিনি বলেন, একটি প্রকল্প শেষ হওয়ার পর নতুন কাজের জন্য অপেক্ষা না করে সমান্তরালভাবে কার্যক্রম এগিয়ে নিতে হবে, যাতে কোনো সম্পদ বা অবকাঠামো অব্যবহৃত না থাকে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, জনগণ একটি গণতান্ত্রিক সরকারের কাছ থেকে দ্রুত ও কার্যকর সেবা প্রত্যাশা করে। প্রধানমন্ত্রীর ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে কর্মকর্তাদের আরও গুরুত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বড় প্রকল্পের নকশা এমনভাবে করার পরামর্শ দেন, যাতে একাধিক সুফল একসঙ্গে পাওয়া যায়।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি তথ্য মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর ব্যয় ও উপযোগিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) নাসরীন জাহান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ্ আলম, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধান, প্রকল্প পরিচালক এবং পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।