জুলাই দেশের সব মানুষের অর্জন, কোনো একক দলের নয়: জাহিদ হোসেন

জুলাই আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধাদের পুনর্বাসনে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী।

স্টাফ রিপোর্টার | ০৩ আগস্ট, ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জুলাই কোনো একটি দল, গোষ্ঠী বা গ্রুপের অর্জন নয়; এটি দেশের সব মানুষের অর্জন।

সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত ‘রক্তাক্ত জুলাই, জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কোনো আন্দোলন-সংগ্রাম একদিনে সফল হয় না। দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা ও আত্মত্যাগের মধ্য দিয়েই চূড়ান্ত সফলতা অর্জিত হয়।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে জিয়া পরিবার এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু ঘটনা ঘটেছে। ইলিয়াস আলীর মতো শত শত নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন, যাদের অনেকেরই সন্ধান এখনো তাদের পরিবার পায়নি।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, স্বৈরাচারী শক্তি এখনো দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। এ ধরনের বিভাজন দেশের জন্য দুর্ভোগ বয়ে আনবে। তাই জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জুলাই আন্দোলনে শহীদ এবং অঙ্গহানির শিকার যোদ্ধাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনের অর্জন যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পদে পরিণত না হয়। তারা প্রকৃত জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী।