স্টাফ রিপোর্টার | ০৪ আগস্ট, ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সুষ্ঠু আইন-শৃঙ্খলা এবং মাদক নির্মূল একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল ভিত্তি। প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা নিশ্চিত করা অপরিহার্য।
মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদক আমাদের যুবসমাজকে ধ্বংস করছে। তাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। যত বড় প্রভাবশালীই হোক না কেন, মাদক কারবারি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি কিশোর গ্যাংয়ের তৎপরতা ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনকে টহল কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। একই সঙ্গে নিরাপদ জেলা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূইয়া এবং লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার তারেক হাসানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





