স্টাফ রিপোর্টার | ২০ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্য শুধু চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের জ্ঞান, মেধা ও দক্ষতাকে জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফ্রম স্কিল টু অপরচুনিটি’ শীর্ষক চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, শুধু বিদ্যমান চাকরির জন্য দক্ষ জনশক্তি তৈরি করাই যথেষ্ট নয়; নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মসংস্থানের বাজার সম্প্রসারণও সমান গুরুত্বপূর্ণ। এর ভিত্তি অর্থনীতি, শিল্পনীতি ও রাষ্ট্রীয় কাঠামোর ওপর নির্ভরশীল। তাই তরুণদের নিজেদের দক্ষ করে তোলার পাশাপাশি দেশের অর্থনীতির মূল চিত্রও অনুধাবন করতে হবে।
রাষ্ট্রীয় নীতির সুফলের উদাহরণ তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দক্ষিণ কোরিয়া থেকে প্রযুক্তি ও জ্ঞান এনে বাংলাদেশের জনশক্তিকে পোশাকশিল্পের সঙ্গে যুক্ত করা হয়েছিল। উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যাক-টু-ব্যাক এলসি ও ব্যাংক ঋণসহ প্রয়োজনীয় নীতিগত সহায়তার মাধ্যমে দেশের পোশাক খাতের শক্ত ভিত্তি তৈরি হয়।
তিনি বলেন, একজন রাষ্ট্রনায়কের সঠিক নীতিগত সহায়তার সুফল পুরো অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
আন্তর্জাতিক বাজারে প্রযুক্তি ও নতুন চাহিদার পরিবর্তনের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সীমিত ভৌগোলিক পরিসরে বিপুল জনসংখ্যার কর্মসংস্থানের জন্য শুধু প্রথাগত চাকরির ওপর নির্ভর করলে চলবে না। জাতীয় স্বার্থে তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি শিল্প, প্রযুক্তি ও উৎপাদনের নতুন নতুন ক্ষেত্র তৈরি করতে হবে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, ক্যারিয়ার গড়ার পাশাপাশি ক্যারিয়ারের লক্ষ্য যেন জাতীয় স্বার্থমুখী হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। তা না হলে ব্যক্তি পর্যায়ে সাফল্য এলেও তা রাষ্ট্রের কল্যাণে যথাযথভাবে কাজে লাগবে না।
এ সময় আয়োজক সংস্থা ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে কারিকুলাম তৈরির সময় তরুণদের নৈতিকতা, দর্শন ও বর্তমান অর্থনৈতিক বাস্তবতা সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার আহ্বান জানান তিনি।
এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী এবং ইএসডিও-এর নির্বাহী পরিচালক ড. মো. শহিদ উজ জামান।
ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), ‘চোরগউসান ফর চিলড্রেন’ ও ‘এডুকো’-এর সহায়তায় চাকরি মেলাটি আয়োজন করা হয়।





