স্টাফ রিপোর্টার | ১ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন, দেশীয় গ্যাস অনুসন্ধান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পূর্ণাঙ্গভাবে চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা জানান, বর্তমানে জ্বালানি ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি এবং সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ফলে সৃষ্ট অতিরিক্ত চাহিদার কারণে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। এ সংকট কাটিয়ে উঠতে সরকার দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে।
তিনি বলেন, ‘আগে ঢাকাসহ বড় শহরগুলোকে নিরবচ্ছিন্ন রেখে গ্রামে অতিরিক্ত লোডশেডিং দেওয়ার যে বৈষম্যমূলক ব্যবস্থা ছিল, আমরা সেখান থেকে সরে এসেছি। সরকারের নীতিগত সিদ্ধান্তের কারণে এখন সাময়িক কষ্টের বোঝা শহর ও গ্রামে সুষমভাবে বণ্টন করা হচ্ছে।’
দেড় থেকে দুই বছরে বিদ্যুৎ খাতে বড় পরিবর্তনের আশা
দুই বছরের লক্ষ্যমাত্রা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, নতুন এফএসআরইউ স্থাপনে দেড় থেকে দুই বছর সময় লাগবে। এর ফলে এলএনজি আমদানি বৃদ্ধি পাবে।
পাশাপাশি ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে ৫০০ কোটি টাকার প্রকল্প এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) পরিচালিত ১৫০টি কূপ খনন ও পুনঃখননের কাজ চলছে বলে জানান তিনি।
এ ছাড়া চলতি সেপ্টেম্বর মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক চালুকরণ প্রক্রিয়া শুরু হবে। আগামী বছর থেকে কেন্দ্রটি পূর্ণ স্কেলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে।
উপদেষ্টা বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী দেড় থেকে দুই বছরে বিদ্যুৎ খাত আগের যেকোনো সময়ের তুলনায় অধিক নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন অবস্থায় পৌঁছাবে।
মালয়েশিয়ায় বিনামূল্যে ১০ হাজার কর্মী পাঠানোর সিদ্ধান্ত
সরকারের অব্যাহত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মালয়েশিয়া সরকার বিমান ব্যয়সহ সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশ থেকে ১০ হাজার নতুন কর্মী নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় গঠিত রিক্রুটিং সিন্ডিকেটের বাইরে এসে নতুন সিদ্ধান্তের মাধ্যমে পূর্বে অনুমোদিত ২৫টি প্রধান এজেন্সির পাশাপাশি আরও ৩১২টি সংস্থাকে সহযোগী রিক্রুটিং এজেন্সি হিসেবে কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে।
শিশু নিখোঁজের ঘটনায় সরকার তৎপর
দেশে শিশু হারিয়ে যাওয়ার পরিসংখ্যান নিয়ে ওঠা আলোচনার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, এটি রাতারাতি তৈরি হওয়া কোনো নতুন সংকট নয়।
তথ্য-উপাত্ত তুলে ধরে তিনি জানান, ২০২৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সাত মাসে ১৩ হাজার ৮৭৬টি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত হয়েছিল। পরবর্তী সাত মাসে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১৭টিতে। তাঁর মতে, পরিসংখ্যান প্রায় একই ধারার পরিস্থিতি নির্দেশ করে।
তবে প্রতিটি নিখোঁজের ঘটনাতেই সরকার সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানান তিনি।
দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে
সারের ঘাটতি নিয়ে গুঞ্জন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, বর্তমানে দেশে ইউরিয়া, টিএসপি ও ডিএপিসহ মোট ১২ লাখ ৮৬১ মেট্রিক টন সার মজুত রয়েছে।
তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে প্রায় ১২ লাখ মেট্রিক টন সার মজুত ছিল। অর্থাৎ বর্তমানে মজুতের পরিমাণ গত বছরের তুলনায় বেশি।
তবে সরবরাহ ও বিতরণ ব্যবস্থার অনিয়ম দূর করে কৃষকের হাতে যথাসময়ে সার পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানান তিনি।
সাংবাদিকদের নিরাপত্তায় আইনি পদক্ষেপ
সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়ার পাশাপাশি টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমকে একই ছাতার নিচে এনে সংবাদকর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুত আইনি পদক্ষেপ নেবে।
ব্যাটারিচালিত রিকশায় বিধিমালা
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জানান, ব্যাটারিচালিত রিকশার মেকানিক্যাল স্পেসিফিকেশন ও চলাচলের রুট নির্ধারণে স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে একটি সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করা হচ্ছে।
এ ছাড়া পে-স্কেলে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের চিকিৎসা ব্যয় ও পরিচর্যার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতি মাসে ৩ হাজার টাকা হারে ভাতা রাখার কথা জানান তিনি।
লালদিয়া টার্মিনাল অর্থনীতিতে গতি আনবে
চট্টগ্রাম বন্দরে ডেনমার্কের সহায়তায় লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন দেশের বৈচিত্র্যময় অর্থনৈতিক গতিশীলতা আরও বাড়িয়ে দেবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।





