স্টাফ রিপোর্টার | ২ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ এবং দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তিকরণ সংক্রান্ত বিস্তারিত সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ আগামী ৭ সেপ্টেম্বর।
দাখিলকৃত আবেদনসমূহ ইস্যুকরণের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এবং ভোটার স্থানান্তরের জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।
চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্থানান্তরের আবেদনসমূহ নিষ্পত্তিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত নির্দেশনা দেশের সকল উপজেলা, থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।





