স্টাফ রিপোর্টার | ১০ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসন থেকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য বর্তমানে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়।
মনোনয়ন ও প্রার্থিতা প্রত্যাহারের সময়সূচি
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর (রোববার) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর।
রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বাছাই-সংক্রান্ত কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চাইলে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন সময় পাবেন প্রার্থীরা। আপিল নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর।
৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বেড়েছে ভোটার সংখ্যা
ভোটার ও কেন্দ্রের পরিসংখ্যান তুলে ধরে ইসি সচিব বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। তবে গত ১ নভেম্বর ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত সময়ে ৮ হাজার ৩২২ জন নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে।
তিনি বলেন, আগের নির্বাচনের মতো এবারও ১৮৫টি ভোটকেন্দ্র ও ৯৮৯টি ভোটকক্ষ অপরিবর্তিত থাকছে। ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন ১৮৫ জন প্রিজাইডিং অফিসার, ৯৮৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৯৭৮ জন পোলিং অফিসারসহ মোট ৩ হাজার ১৫২ জন কর্মকর্তা।
রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা
এবারের উপনির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হবে।
পোস্টাল ব্যালটে ৫০০ প্রবাসীর লক্ষ্যমাত্রা
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের বিষয়ে আখতার আহমেদ বলেন, গত নির্বাচনে এই আসনে ৩৩টি দেশ থেকে ৩৮৬ জন প্রবাসী ‘পোস্টাল ব্যালট-আউট অব কান্ট্রি’ ব্যবস্থায় নিবন্ধিত হয়েছিলেন। এবার প্রবাসীদের জন্য সর্বোচ্চ ৫০০ জনকে নিবন্ধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া দেশে অবস্থানরত সরকারি চাকরিজীবী, ভোটগ্রহণ কর্মকর্তা, কারাবন্দি ও আনসার সদস্যদের জন্য গতবার ৪ হাজার ৪৫ জন নিবন্ধিত ছিলেন। এবার তাদের জন্য ৫ হাজার পোস্টাল ব্যালটের প্রস্তুতি রাখা হয়েছে।
আগেরবার নিবন্ধিত প্রবাসীরা দেশে ফিরেছেন কি না, সে বিষয়ে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে ইসি সচিব বলেন, নতুন করে কেউ পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করতে চাইলে তারও সুযোগ থাকবে।
গত নির্বাচনে ভোট পড়েছিল ৭৬.৪৯ শতাংশ
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ তুলে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ওই নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে মোট ৭৬ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছিল।
বাতিল হওয়া ১ দশমিক ৯৩ শতাংশ ভোট বাদ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজয়ী প্রার্থী ও বর্তমান রাষ্ট্রপতি ৬১ দশমিক ০৩ শতাংশ ভোট পান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পান ৩৬ দশমিক ০৩ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পান ১ শতাংশ ভোট।





