জোড়াতালির খবর ও ভিডিও বানিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে: রুমন

সংবাদপত্রের স্বাধীনতায় সরকার বিশ্বাসী, সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের

স্টাফ রিপোর্টার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: দেশের কিছু সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে জোড়াতালি দিয়ে খবর প্রকাশ ও ভিডিও তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারের এ পর্যন্ত গৃহীত কর্মকাণ্ড তুলে ধরতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

স্বাগত বক্তব্যে আতিকুর রহমান রুমন বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। সরকারকে সহযোগিতা করা প্রয়োজন এবং এ ক্ষেত্রে সবাইকে আরও ধৈর্য ধরতে হবে।

তিনি বলেন, সম্প্রতি একটি ভিডিওতে দেশের একটি স্থাপনা সংস্কারের দৃশ্যকে ভিন্নভাবে উপস্থাপন করে প্রচার করা হয়েছে। সংস্কারের জন্য পুরোনো স্থাপনা ভাঙার বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করে সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

আতিকুর রহমান রুমন বলেন, একইভাবে দেশের কিছু সংবাদপত্র বা গণমাধ্যম জোড়াতালি দিয়ে খবর প্রকাশ ও ভিডিও তৈরি করে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের জগতের সঙ্গে যুক্ত ছিলেন এবং একটি জাতীয় দৈনিকের প্রকাশক ছিলেন। দীর্ঘদিন তাঁর নাম প্রিন্টার্স লাইনে ছিল। পরবর্তীতে বিগত সরকার বিভিন্ন কারণ দেখিয়ে পত্রিকাটি বন্ধ করে দিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ওই সময় অনেক সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী বেকার হয়ে পড়েছিলেন। এ ঘটনায় অনেকে প্রতিবাদ ও সহানুভূতি জানিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

রুমন বলেন, প্রধানমন্ত্রী হওয়ার দুই দিন আগেও তারেক রহমান ওই সংবাদপত্রের মালিকানা ও প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন। অতীতে তিনি বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গবেষণামূলক কাজ করতেন এবং সেখান থেকেই দেশের বিভিন্ন এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে তথ্য সংগ্রহ করতেন।

আতিকুর রহমান রুমন বলেন, বিগত সরকার কয়েক লাখ কোটি টাকা বিদেশি ঋণের বোঝা বর্তমান সরকারের ওপর রেখে গেছে। আগামী প্রজন্মও এ ঋণের প্রভাব বহন করবে। মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী এসব সমস্যা সমাধানে ব্যবস্থা নিয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মনিটরিং সেলও কাজ করছে বলে জানান তিনি।

তিনি বলেন, সরকারকে সহযোগিতা করলে একটি সুন্দর ও সুফলা বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দেশকে নতুনভাবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী।

এ সময় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) এবং প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।