স্পিকারের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংসদীয় কূটনীতি, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

আজ স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বাংলাদেশ-জার্মানির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় কূটনীতি, জ্বালানি সহযোগিতা এবং অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে জার্মানির পর্যবেক্ষক দলের উপস্থিতি দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।

তিনি বলেন, বাংলাদেশ ও জার্মানি উভয়ই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী রাষ্ট্র।

স্পিকার বলেন, পাকিস্তান আমলে বাংলাদেশ গণতান্ত্রিক বৈষম্যের শিকার হয়েছিল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পরও দেশের গণতান্ত্রিক উত্তরণ বারবার ব্যাহত হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের শাসনামলে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পর গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, এ দেশের মানুষ আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বারবার আত্মত্যাগ করেছে।

জার্মানির সহযোগিতার আশ্বাস

জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, দীর্ঘ সময়ের শাসন থেকে বেরিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের সামনে নানা চ্যালেঞ্জ থাকলেও গণতন্ত্রকে আরও কার্যকর করতে জার্মান সরকার সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত।

জ্বালানি ও বিনিয়োগে গুরুত্ব

সাক্ষাৎকালে জার্মানি-বাংলাদেশ সংসদীয় কমিটি গঠন, মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতির সম্প্রসারণ এবং অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদল বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং সার কারখানা স্থাপনের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে।

এ সময় স্পিকার বাংলাদেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় গ্যাস ও তেল সম্পদ অনুসন্ধানে জার্মানির বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানান।

তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি অনেকাংশে জ্বালানি নিরাপত্তার ওপর নির্ভরশীল।

সাক্ষাৎকালে জার্মান দূতাবাসের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।