স্টাফ রিপোর্টার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, বোয়িং বিমান ও যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তা প্রযুক্তি বাংলাদেশের বিমান চলাচল খাতের সম্প্রসারণে অবদান রাখছে। এ খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বলেও উল্লেখ করেন তিনি।
আজ বুধবার রাজধানীর সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করায় এম রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত।
বৈঠকে বাংলাদেশের বিমান চলাচল খাতের সম্প্রসারণে বোয়িং বিমান এবং যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তা প্রযুক্তির অবদান নিয়ে আলোচনা করেন উভয় পক্ষ।
এ ছাড়া বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন এবং এ ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।





