স্টাফ রিপোর্টার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করে।
প্রতিমন্ত্রী আলজেরীয় রাষ্ট্রদূতকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ অন্বেষণের অনুরোধ জানান এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার জন্য এ সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
সাক্ষাতে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, কৃষি, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের সুযোগ নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তার জন্য সার খাতে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে জলবায়ু বিষয়ে আরও জোরালো সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও আলজেরিয়া উভয় দেশই বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাবের মুখোমুখি হচ্ছে।
শামা ওবায়েদ ইসলাম আলজেরীয় বাজারে পরিবেশবান্ধব ও পচনশীল বাংলাদেশি পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর ওপর জোর দেন। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং খেলাধুলা ও সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার গুরুত্ব তুলে ধরেন।
রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি জ্বালানি, ওষুধ, জাহাজ নির্মাণ, খেলাধুলা ও সংস্কৃতি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আলজেরিয়ার আগ্রহের কথা জানান।
তিনি দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও সুগভীর করার মাধ্যম হিসেবে উচ্চপর্যায়ের সফরের ওপরও গুরুত্ব আরোপ করেন।





