স্টাফ রিপোর্টার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে সার খাতে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে মতবিনিময় করেন।
হুমায়ুন কবির দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও ক্রমবর্ধমান সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তার জন্য সার খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
তিনি বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, কৃষি, জাহাজ নির্মাণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুই দেশের অংশীদারিত্ব আরও সুগভীর করতে উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আলজেরীয় রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান এবং জ্বালানি, ওষুধ, সার, জাহাজ নির্মাণ ও সমুদ্রপথে পণ্য পরিবহন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
এ ছাড়া বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে উচ্চপর্যায়ের সফরের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।





