স্টাফ রিপোর্টার | ২৬ নভেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নারী স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ ও পদায়নের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) এজেন্ডা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি নারীদের জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউএনএফপিএর অব্যাহত অংশীদারিত্ব ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে নারী স্বাস্থ্যসেবার উন্নয়ন, মিডওয়াইফ নিয়োগ এবং প্রজনন স্বাস্থ্য অধিকার বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।





