✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

আসন্ন শারদীয় দুর্গাপূজায় দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে পূজা, ২৪ ঘণ্টা মনিটরিং টিম সক্রিয় থাকবে

স্টাফ রিপোর্টার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাসহ সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে পূর্বের অন্তর্বর্তী সরকার দুর্গাপূজার সরকারি ছুটি একদিন থেকে বাড়িয়ে দুইদিন করেছিল। এ বছর প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে ছুটি আরও একদিন বাড়িয়ে তিনদিন নির্ধারণ করেছেন। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসী কার্যত পাঁচদিনের ধারাবাহিক ছুটি পাবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে প্রতি বছর পূজামণ্ডপগুলোতে দেওয়া সরকারি অনুদানের পরিমাণ চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করেছেন। সরকারের এসব সিদ্ধান্তের জন্য সনাতন ধর্মের নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দেশে ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এ বছর রেকর্ডসংখ্যক প্রায় ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বছরের তুলনায় এবার প্রায় ১ হাজার ৫০০টি পূজামণ্ডপ বেড়েছে।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তি ও তদারকি জোরদার করা হবে জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময় ব্যবহৃত এনটিএমসির বিশেষ অ্যাপ দুর্গাপূজার নিরাপত্তায় ব্যবহার করা হবে। এ লক্ষ্যে জেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিম সক্রিয় থাকবে।

প্রতিটি পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের তালিকা সংশ্লিষ্ট থানায় যাচাই-বাছাই শেষে তাদের আইডি কার্ড দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা বিকল্প জেনারেটর ও চার্জার লাইট রাখার ব্যবস্থাও করতে বলা হয়েছে।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অপরাধী, চাঁদাবাজ, অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান চলমান রয়েছে এবং তা আরও জোরদার করা হবে। সম্প্রতি মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়ায় তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, মাটিকাটা জমি দখলের ঘটনায় ৯৯৯ নম্বরে কল পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের গ্রেপ্তার করেছে। অপরাধের সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে। অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

মিরপুরে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশ ভ্যান ভাঙচুরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে সঠিক যোগাযোগের অভাব বা সমন্বয়হীনতার কারণে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

দু-একটি বিচ্ছিন্ন ঘটনার ওপর ভিত্তি করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। এর মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর পূজা উদযাপন পরিষদ ও পূজা ফ্রন্টসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।