✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের ওপর গুরুত্ব

ক্রীড়া, সংস্কৃতি, পর্যটন ও তৈরি পোশাকশিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার | ১৯ নভেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতির উপস্থিতি দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে।

স্পিকার বলেন, দুই দেশের মধ্যে অভিন্ন সংস্কৃতির বন্ধন রয়েছে। মুসলিম ভ্রাতৃত্ববোধের ভিত্তি দুই দেশের জনগণকে আরও কাছাকাছি এনেছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা এবং সংসদীয় পর্যায়ে দ্বিপক্ষীয় সফর বিনিময় সম্পর্ক জোরদারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংসদের ভূমিকা তুলে ধরেন স্পিকার

স্পিকার আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসনের কারণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের অধিকাংশ বিরোধী দলীয় নেতৃত্ব কারাবরণ, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে এ দেশের গণতন্ত্রকামী জনগণ স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। বর্তমান জাতীয় সংসদ জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে।

স্পিকার বলেন, বর্তমান সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। এবারের সংসদের নারী সংসদ সদস্যরা অনেক বেশি প্রশিক্ষিত ও দক্ষ। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাঁদের অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটনে সহযোগিতার আলোচনা

মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ হওয়ায় এ দেশের জনগণের সঙ্গে মালদ্বীপের জনগণের অভিন্ন সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপের সংস্কৃতির সঙ্গে খুব সহজেই মানিয়ে নিতে পারেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, ককাস গঠন, পর্যটনশিল্পের বিকাশ ও সমৃদ্ধি এবং বাংলাদেশের তৈরি পোশাকশিল্প নিয়ে মতবিনিময় করেন।

এ সময় স্পিকার মালদ্বীপের হাইকমিশনারকে আগামী সংসদ অধিবেশন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানান।

সাক্ষাতে মালদ্বীপের ডেপুটি হাইকমিশনারসহ দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।