✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি ঢাকার বস্তি উন্নয়নেও পাইলট প্রকল্পে সহায়তা দেবে সংস্থাটি।

স্টাফ রিপোর্টার | ২৩ নভেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: দেশের উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এ অর্থ উপকূলীয় মানুষের জীবনধারা টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

বৈঠকে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে, নগর উন্নয়ন, সহনশীলতা ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্র্যাকটিস ম্যানেজার আবেদালরাজাক এফ. খলিল, বাংলাদেশ ও ভুটানের কার্যক্রমবিষয়ক ব্যবস্থাপক ড. গেইল এইচ. মার্টিন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ভেরোনিক মেরি মরিন ফ্লোয়াসাক এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক আল আমিন ফয়সাল উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে মন্ত্রী বলেন, ঢাকা শহরের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ মোকাবিলা এবং নগরকে আরও বাসযোগ্য ও মানুষের জন্য আরামদায়ক করে তুলতে নতুন একটি প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।

তিনি জানান, নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীর জীবনমান উন্নয়নে মডেল প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে কড়াইল, ভাসানটেকসহ এক বা দুটি বস্তি এলাকাকে মডেল হিসেবে চিহ্নিত করার বিষয়টি বিবেচনা করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে মডেল প্রকল্প তৈরি করে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা দিতে সম্মত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিশ্বব্যাংক দেশকে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দিয়ে আসছে। তুলনামূলক কম সুদে অর্থায়নের সুযোগ থাকায় উন্নয়ন প্রকল্পে সংস্থাটিকে গুরুত্ব দেওয়া হয়।

বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে বলেন, ঢাকাকে আরও বাসযোগ্য করে তুলতে পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকার উন্নয়নে সরকারের পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি জানান, আলোচনার ভিত্তিতে নতুন পাইলট কর্মসূচির মাধ্যমে বিশ্বব্যাংক সহায়তা দেবে। শহরের চ্যালেঞ্জপূর্ণ এলাকাগুলোর উন্নয়নে কী ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব, তা যাচাইয়ের মডেল হিসেবে এ কর্মসূচি বাস্তবায়িত হবে।

জ্যঁ পেসমে আরও বলেন, উপকূলীয় অঞ্চলের উন্নয়ন, ভৌত অবকাঠামো ও মানুষের জীবিকার পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কীভাবে সহায়তা করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। বর্তমান কর্মসূচির পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নির্ধারণেও এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, পরিবহনসহ বিভিন্ন খাতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে ছোট পরিসরে পরীক্ষামূলক উদ্যোগ নেওয়ার মাধ্যমে নগরবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।