স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের অবসান অধ্যাদেশ জারি:

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দের বিধান বাতিল করেছে। সোমবার (১৮ আগস্ট)…

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দের বিধান বাতিল করেছে। সোমবার (১৮ আগস্ট) ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন আইন সংশোধন করে এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করা হয়। ফলে আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের আর কোনো আইনি সুযোগ থাকছে না।

গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় চারটি আলাদা অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদন এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতির পর তা গেজেটে প্রকাশিত হলো।

২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন।

অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল। সংশ্লিষ্টদের ধারণা, দলীয় প্রতীক বাদ দেওয়ার ফলে রাজনৈতিক দলে সরাসরি সম্পৃক্ত নন, এমন অনেক যোগ্য ব্যক্তি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আগ্রহী হবেন।